সারমর্ম: ভাত বাঙালির বহুকালের প্রিয় খাদ্য। এ অঞ্চলের সরু সাদা চালের গরম ভাতের কদর সবচাইতে বেশি ছিল বলে মনে হয়। পুরোনো সাহিত্যে ভালো খাবারের নমুনা হিসেবে যে তালিকা দেওয়া হয়েছে, তা হলো কলার পাতায় গরম ভাত, গাওয়া ঘি, নালিতা শাক, মৌরলা মাছ আর খানিকটা দুধ। লাউ, বেগুন ইত্যাদি তরকারি প্রচুর খেত সেকালের বাঙালিরা, কিন্তু ডাল তখনো বোধহয় খেতে শুরু করেনি। মাছ তো প্রিয় বস্তুই ছিল। বিশেষ করে ইলিশ মাছ। শুটকির চল সেকালেও ছিল, বিশেষ করে দক্ষিণাঞ্চলে। ছাগলের মাংস সবাই খেত। হরিণের মাংস বিয়েবাড়িতে বা এরকম উৎসবে দেখা যেত। পাখির মাংসও তাই। সমাজের কিছু লোক শামুক খেত। ক্ষীর, দই, পায়েস, ছানা— এসব ছিল বাঙালির নিত্যপ্রিয়। আম-কাঁঠাল, তাল-নারকেল ছিল প্রিয় ফল। খুব চল ছিল নাড়ু, পিঠেপুলি, বাতাসা, কদমা— এসবের। মসলা দেওয়া পান খেতে সকলে ভালোবাসত ।
সারাংশ: প্রাচীনকাল থেকেই ভাত বাঙালির প্রিয় খাদ্য। সেই সাথে মাছ, শাকসবজি, দুধ ও মাংস খাওয়ার অভ্যেসও ছিল বহুদিনের। দুগ্ধজাত মিষ্টি, নানান রকম ফল এবং মসলা দেওয়া পান ছিল প্রিয় খাদ্যের তালিকায়।






